যশোরে আলাদা সড়কে প্রাণ গেল নারীসহ ৫ জনের
শার্শা উপজেলায় দুই বন্ধু, ঝিকরগাছায় শিক্ষার্থী, সদরে পথচারী এবং কেশবপুরে বৃদ্ধা নিহত হয়েছেন।
যশোরে চার উপজেলায় সড়কে প্রাণ হারিয়েছেন পাঁচজন; এতে তিনজন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত শার্শা উপজেলায় দুই বন্ধু, ঝিকরগাছায় লন্ডন প্রবাসী এক শিক্ষার্থী, সদর উপজেলায় পথচারী এবং কেশবপুরে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন।
নিহতরা হলেন- যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে গোলাম ফারুক (৩৯), ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারের ছেলে সোহেল রানা (৩৫), কেশবপুরের বসুন্দিয়া গ্রামের শুশিলা রায় (৭২), খুলনার দিঘলিয়া উপজেলার আলাইপুর গ্রামের আরশাদ আলীর ছেলে সাগর হোসেন (২৪) এবং সদর উপজেলার সতীঘাটা বাজারে উজ্জ্বল বিশ্বাস (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে বেনাপোল থেকে যশোরে যাচ্ছিলেন। পথে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান।
খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমারকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ঝিকরগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লন্ডন প্রবাসী শিক্ষার্থী সাগর হোসেন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলা মোড়ে যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে বলে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
তিনি বলেন, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে যশোর যাচ্ছিলেন সাগর। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক ব্রেক করেন। এ সময় পেছনে থাকা সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আল মামুন।
অপরদিকে সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার সতীঘাটা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।
নিহত উজ্জ্বল বিশ্বাস সদর উপজেলার কামালপুর গ্রামের রতন বিশ্বাসের ছেলে। আহতের নাম বুলবুল আহমেদ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজ্জ্বল রাতে সতীঘাটা বাজারে যশোর-মণিরামপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় বুলবুল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শনিবার ভোরে কেশবপুর উপজেলার চুকনগর সড়কের মঙ্গলকোট বাজারে পিকআপের চাকায় পিষ্ট হয়ে শুশিলা রায় নিহত হয়েছেন। ডায়াবেটিসে আক্রান্ত শুশিলা ভোরে হাঁটতে বের হয়েছিলেন বলে জানান স্বজনরা।
