২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরার দুই সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

শনিবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এবং তালা উপজেলার পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপরে এসব দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:17 AM

Updated : 27 Sep 2026, 10:17 AM

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

শনিবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এবং তালা উপজেলার পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলা ডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯)।

সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপরে একটি কভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই মারা যান। মেহেদী ডুমুরিয়া এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

উভয় ওসি বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।