ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচল সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
“গত ১২-১৩ বছরে দেশে রেলের ব্যাপক উন্নয়ন ও আধুনিকায়ন করা হয়েছে।”
ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার দুপুরে ভাঙ্গার ওয়াই জংশন পয়েন্টে ভাঙ্গা-যশোর ৮৬ কিলোমিটার রেললাইন স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী জুনে ঢাকা থেকে যশোরের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। এ ছাড়া যশোর থেকে খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ সংযুক্ত হবে।”
রেলমন্ত্রী বলেন, “সরকার আগামী মেয়াদে ক্ষমতায় এলে বরিশালের পায়রা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে।”
তিনি বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণ চলমান রয়েছে। খুব দ্রুত এই পথে রেল চলাচল শুরু করা সম্ভব হবে।
সরকারের পরিকল্পনার প্রশংসা করে নুরুল ইসলাম সুজন বলেন, “২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ৬৪ জেলায় রেল নেওয়ার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে ভারসাম্যপূর্ণ পরিকল্পনা নিয়ে রেল এগিয়ে যাচ্ছে।
রেলওয়ের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১২-১৩ বছরে দেশে রেলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রেল ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। রেলে গতি এসেছে।“
রেল কর্তৃপক্ষ জানায়, রাজধানী থেকে ভাঙ্গা পর্যন্ত অংশে পাথরসহ রেললাইন স্থাপন বাকি কেবল এক কিলোমিটার। ২৩ দশমিক তিন আট কিলোমিটার এলিভেটেড লাইনের বাকি সাড়ে ৫ কিলোমিটার। এই কাজ শেষ হলেই ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যাবে ভাঙ্গা।
ট্রান্স এশিয়ান রেলওয়ের নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে এখন পদ্মা সেতু। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির ব্রডগেট রেললাইন বদলে দেবে দেশের অর্থনীতি।
১৭২ কিলোমিটার দীর্ঘ এই পথে স্টেশন সংখ্যা ২০টি। এর মধ্যে ছয়টি স্টেশনের চলছে আধুনিকায়ন, ১৪টি নতুন করে নির্মাণ করা হয়েছে।
প্রায় ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের চীনা ঠিকারদার সিআরইসি। কাজ তদারকি করছে সিএসসি বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উপ-সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক-৩ বিগ্রেডিয়ার জেনারেল শামসুল আলম শামস।
