২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে মালিক-শ্রমিক উত্তেজনা, কুষ্টিয়ার সঙ্গে বাস বন্ধ

রোববার কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 08:32 PM

Updated : 02 Oct 2022, 08:32 PM

যাত্রী ওঠানো নিয়ে মেহেরপুরে মালিক-শ্রমিক উত্তেজনার মধ্যে হঠাৎ কুষ্টিয়া-মেহেরপুর বাস বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোববার সকাল থেকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি।

এছাড়া মেহেরপুর থেকে ঢাকাগামী কোনো দূরপাল্লার যাত্রী পরিবহনও ছেড়ে যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু।

মকবুল হোসেন লাবলু জানান, ঢাকার কোচ ও বাসে যাত্রী তোলা নিয়ে শনিবার মেহেরপুরের বামুন্দি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বাস মালিক ও শ্রমিক গ্রুপের মধ্যে। এ ঘটনার পর চালকরা এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এদিকে কোনো আগাম কথাবার্তা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সাধারণ চরম বিপাকে পড়েছেন।

শনিবার রাতেও বাস চলাচল স্বাভাবিক ছিল। কবে নাগাদ এর সুরাহা হবে তা জানাতে পারেনি বাস ও মিনিবাস মালিক সমিতি।

সুমাইয়া খাতুন বাচ্চাকে নিয়ে যাবেন মেহেরপুরে। কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরের বাস না যাওয়ায় সুমাইয়াকে আসতে হয়েছে ৪০ টাকা রিক্সা ভাড়া দিয়ে মজমপুরে। মজমপুর থেকেও কোনো গাড়ি না পেয়ে একমাত্র ভরসা আলফা মোড়ের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। সেখানে যেতে আরও ২০ টাকা দিতে হয়েছে তাকে। কিন্তু সিএনজি অটোরিকশা মেহেরপুর পর্যন্ত যাবে না। বামুন্দি পর্যন্ত যাবে; তার জন্য ভাড়া গুনতে হবে ১২০ টাকা। এরপর মেহেরপুর পর্যন্ত যেতে আরও ১০০ টাকা লাগবে।

সুমাইয়া খাতুন বলেন, “একদিকে বৃষ্টি হয়েছে, তার উপর বাস চলছে না। পদে পদে ভোগান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে অধিক ঝুঁকিসহ সময়ও লাগছে বেশি।”

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যাত্রী আমলার সাইফুল ইসলাম। কুষ্টিয়া এসেছিলেন বিআরটিএ অফিসে। কিন্তু বাস না চলায় তার ভরসা অটোরিকশা।

সাইফুল ইসলাম বলেন, “একতে বছরের পর বছর ধরে রাস্তা ঠিক হয় না। অন্যদিক বাস চলছে না। কী যে ভোগান্তি – ১০ টাকার ভাড়া ২০ টাকা চাই। কিছুই বলার নাই, বাড়ি তো যেতে হবে।”

কুষ্টিয়া ও মেহেরপুরের বাস মালিক সমিতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর ফলশ্রুতিতে একাধিকবার এই রুটে বাস চলাচল বন্ধ করা হয়।