নওগাঁয় স্বতন্ত্রের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩
হেলমেট পরে নৌকার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদ গামার নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে তিনজন আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে ট্রাক প্রতীকের কয়েকশ সমর্থক মান্দা উপজেলার মৈনম-ভোলাবাজার রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মৈনম বাজারে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী।
হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে নৌকা প্রার্থীর ৩০ থেকে ৩৫ নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের।
আহতরা হলেন- আলম সরদার (৪৫), সামসুল ইসলাম ওরফে সোনামুল (৫০) ও এ বি এম হাসান রিপু (৫৫)। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী গামা অভিযোগ করে বলেন, “প্রতিদিনই কোনো না কোনো এলাকায় আমার কর্মী-সমর্থকদের মারধর করছে নৌকার লোকজন।”
এ বিষয়ে থানা ও স্থানীয় প্রশাসনকে একাধিক অভিযোগ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি এ প্রার্থীর।
তিনি আরও বলেন, “শনিবার পরিকল্পিতভাবে নৌকার সমর্থকরা আমার নির্বাচনি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়েছে। স্থানীয় যুবলীগের কয়েক নেতার নেতৃত্বে এ হামলায় চালানো হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে ট্রাক প্রতীকের কয়েকশ সমর্থক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে স্বতন্ত্র প্রার্থী সুলতান এলাকায় ফিরে নেতাকর্মীদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার করেন তারা।
হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার সমর্থক ও মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল।
তিনি বলেন, “নৌকার সমর্থকরা আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী সুলতানের নির্বাচনি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই।”
এ বিষয়ে ওসি মোজাম্মেল বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে; ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের নাহিদ মোর্শেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রহানী সুলতান মামুদ গামা এবং বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া এখানে জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আছেন।
