ফুলছড়িতে ব্রহ্মপুত্রে বরযাত্রীবাহী নৌকাডুবি, শিশু নিখোঁজ
দুই নৌকার সংঘর্ষের পর একটি ডুবে যায়; অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও শিশু মোহিনী আকতার নিখোঁজ হয়।
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রী বহনকারী একটি নৌকা আরেক নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ডুবে গেছে। এতে এক শিশু নিখোঁজ ও চার বরযাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী গাবগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ শিশুর সন্ধানে রংপুর ও সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন; সন্ধ্যা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।
নিখোঁজ হয় মোহিনী আকতার (১১) গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর মেয়ে।
আহতরা হলেন বিয়ের কনে রাশেদা আকতার (১৯), বরযাত্রী সৈকত জামান (২২), রিয়াল মিয়া (২৮) ও রাসেল মিয়া (৩২)। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও বরযাত্রীরা জানান, উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আকতারের সঙ্গে গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মো. হাবলু মিয়ার ছেলে মো. মানিক মিয়ার বিয়ে হয় বুধবার সন্ধ্যায়।
সন্ধ্যার পর বাজে ফুলছড়ি আদর্শ গ্রাম থেকে বর-কনেসহ ৪০ যাত্রী নিয়ে নৌকাযোগে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। অন্ধকারে ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে সামনে দেখা যাচ্ছিল না। পথে বিপরীতমুখী আরেকটি যাত্রীবাহী নৌকার সঙ্গে তাদের ধাক্কা লাগে।
ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, দুই নৌকার সংঘর্ষে বরযাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু মোহিনী আকতার নিখোঁজ হয়।
পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারে কাজ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।
