নাটোরে ছয়টি চোরাই ল্যাপটপ উদ্ধার, ৩ যুবক আটক
তিন দিন আগে এক বাসার জানালা ভেঙ্গে ল্যাপটপগুলো চুরি হয়ে যায় বলে জানায় পুলিশ।
নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে চুরি যাওয়া ছয়টি ল্যাপটপসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়ার বিভিন্ন এলাকা এবং গুরুদাসপুরে আনন্দনগর এবং চাপিলার কান্তনগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান।
আটকরা হলেন- সলঙ্গা থানার চড়িয়া কালিপাড়া এলাকার মো. আবদুর ওহাবের ছেলে মো. রুবেল রানা (২৩), চড়িয়া কালিবাড়ি পূর্বপাড়া এলাকার মো. আবদুর রাজ্জাকের ছেলে মো. আনিসুর রহমান (২৩) এবং গুরুদাসপুরের আনন্দনগর এলাকার প্রয়াত আমীর সরদারের ছেলে মো. সাহেব আলী (২৭)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি মোনোয়ারুজ্জামান বলেন, “গুরুদাসপুরের খুবজীপুর এলাকার আকবর আলীর ছেলে আবু সাইদ চাঁচকৈড় বাজারপাড়ায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে অনলাইনে ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করেন। রোববার তিনি শ্বশুরবাড়িতে যান।
“সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিচতলার জানালার লক ভাঙ্গা দেখে বাড়ির মালিকের স্ত্রী মোবাইল ফোনে বিষয়টি সাইদকে জানান। পরে সাইদ বাসায় গিয়ে দেখেন, তার ছয়টি ল্যাপটপ চুরি হয়ে গেছে; যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।”
পরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেন আবু সাইদ।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে রোববার রাতে সলঙ্গা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারটি ল্যাপটপ উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার তারিকুল জানান।
