নাটোরে ছাত্রদল নেতা হত্যার মামলায় এমপির ছেলে পুলিশ হেফাজতে
হামলার ১২ দিন পর সোমবার রাতে ছাত্রদল নেতার মৃত্যু হয়।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় হামলায় আহত ছাত্রদলের এক নেতার মৃত্যুর পর নাটোর-৪ আসানের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাতে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
নিহত শাকিল ইসলাম (৩০) গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
পুলিশ জানায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালায়। এ সময় দুটি গুলি করা হয়।
পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে শাকিলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হাসপাতালে নেওয়া হয় শাকিলকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার ১২ দিন পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে।
তদন্তের স্বার্থে আসামিদের বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ওসি।
