২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বালির স্তূপে চাপা পড়ে প্রাণ গেল তিন জনের

প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু বালির স্তূপ থেকে এস্কেভেটর দিয়ে একটি ট্রাকে বালি ভর্তি করা হচ্ছিল।

রাজবাড়ীতে বালির স্তূপে চাপা পড়ে প্রাণ গেল তিন জনের

রাজবাড়ীতে সদর উপজেলায় মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালু ব্যবসায়ী হান্নানের বালির চাতালে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 05:16 PM

Updated : 13 Dec 2023, 05:15 PM

রাজবাড়ীতে সদর উপজেলায় বালির নিচে চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালু ব্যবসায়ী হান্নানের বালির চাতালে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।

নিহতরা হলেন, বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ (৫৫), এস্কেভেটর চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক মো. ইমরান সরদার (২৭)।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু বালির স্তূপ থেকে এস্কেভেটর দিয়ে একটি ট্রাকে বালি ভর্তি করা হচ্ছিল। ট্রাক ভর্তির পর তিন জন ট্রাকের চাকার নিচে জমে থাকা বালি সরানোর কাজে ব্যস্ত ছিলেন।

“এ সময় হঠাৎ বালির স্তূপটি ধসে পড়লে তিন জন চাপা পড়েন। স্থানীয়রা বালি সরিয়ে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সালাহউদ্দিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]