২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিককে প্রধান আসামি করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 04:36 PM

Updated : 12 Dec 2023, 04:53 PM

হবিগঞ্জে বিএনপির মানববন্ধনে হাতবোমা বিস্ফোরণের জেরে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয়পাল বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এই মামলা করেন বলে ওসি অজয় চন্দ্র দেব জানান।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি, মানবাধিকার রক্ষা এবং ‘গুম-খুনের শিকার’ ব্যক্তিদের স্বজনদের নিয়ে মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি।

সেখানে হঠাৎ একটি ‘ককটেল বিস্ফোরণকে’ কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

শহরের শায়েস্তানগর এলাকায় রোববার দুপুরে দফায় দফায় হওয়া এ সংঘর্ষে দুই সাংবাদিক গুলিবিদ্ধ এবং পথচারী ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান জানান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামযা ও মেরাজ মিয়া নামে এক পথচারীকে উদ্ধার করা হয়।

ওসি অজয় চন্দ্র বলেন, “মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।”

পুরনো খবর:

‘এমপি গ্রুপ’র সঙ্গে সংঘর্ষ, মেয়রসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে মামলা
মানববন্ধনে হাতবোমা বিস্ফোরণ: বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৪০