২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানববন্ধনে হাতবোমা বিস্ফোরণ: বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৪০

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘শতাধিক’ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 03:35 PM

Updated : 10 Dec 2023, 03:44 PM

হবিগঞ্জে হাতবোমার বিস্ফোরণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। 

শহরের শায়েস্তানগর এলাকায় রোববার বেলা ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষে দুই সাংবাদিক গুলিবিদ্ধ এবং পথচারী ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান জানিয়েছেন। 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামযা ও মেরাজ মিয়া নামে এক পথচারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তার্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি, মানবাধিকার রক্ষা এবং ‘গুম-খুনের শিকার’ ব্যক্তিদের স্বজনদের নিয়ে

মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাম্মী আক্তার শিফার সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ অন্য নেতাকর্মীরাও অংশ নেন। 

মানববন্ধনের এক পর্যায়ে হঠাৎ একটি ‘ককটেল বিস্ফোরণকে’ কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও কয়েকটি দোকান, গাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ‘শতাধিক’ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

 অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর বলেন, “মানববন্ধনের এক পর্যায়ে হঠাৎ একটি ‘ককটেল বিস্ফোরণ হয়।

“পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এ ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।” 

সংঘর্ষের ঘটনায় শায়েস্তানগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।