পদ্মা সেতুতে আইন ভেঙে জরিমানা দিলেন ৯ বাইকার
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের জন্য ছয়টি শর্ত দেওয়া হয়; এর অন্যতম হলো নির্ধারিত লেন অতিক্রম না করা।
পদ্মা সেতুতে শর্ত ভেঙে নিদিষ্ট লেনের বাইরে যাওয়ায় নয়জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক বজলুর রহমান জানান, শর্ত ভঙ্গ করায় শুক্রবার নয় বাইকারকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বজলুর রহমান জানান, পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলের জন্য ছয়টি শর্ত দেওয়া হয়। এর অন্যতম শর্ত হলো নির্ধারিত লেন অতিক্রম না করা।
“কিন্তু সার্ভিস লেন ক্রস করে পাশের মূল লেনে উঠে পড়ে। এই সময় পুলিশ হাতেনাতে ৯টি মোটরসাইকেল আটক করে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই জরিমানার পর অন্য বাইকাররা সর্তক হয়।”
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন জানান, গত দুই দিনে এই পর্যন্ত ২০ হাজারের বেশি বাইক পদ্মা সেতু অতিক্রম করেছে।
“সবাই নিয়ম মানছে, কিছু অতি উৎসাহী বাইকার শর্তভঙ্গ করার চেষ্টা করছে। ঘরমুখো মানুষের স্বচ্ছন্দে বাড়ি ফেরাতে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।”
প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে তাৎক্ষণিক জরিমানা আদায় করে ডিজিটাল মেশিন থেকে স্লিপ দেওয়া হয়; পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে গন্তব্যে রওনা হন বলে তিনি জানান।
জরিমানা প্রদানকারীদের কয়েকজন হলেন আল আমিন, আমিরুল ইসলাম, আফজাল হোসেন, এখলাস, মো. রিফাত মিয়া ও হাবিবুর রহমান।
