এমভি আবদুল্লাহ: আতঙ্কে নোয়াখালীর সালেহ’র পরিবার
“আমার একটাই অনুরোধ সরকারের কাছে, শিপের ওনারদের কাছে। আমাদের আব্বুকে আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দিক।”
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের ক্রু মোহাম্মদ সালেহ আহমদের পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়।
সালেহের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে। তার বাবার নাম সাখায়াত উল্যা।
সালেহের অপহরণের খবর পাওয়ার পর থেকে স্ত্রী ও তিন মেয়েসহ সবার সময় কাটছে চরম আতঙ্ক আর শঙ্কায়।
সালেহ আহমদের স্ত্রী তানিয়া আক্তার বলেন, বুধবার সকাল ৭টার দিকে তার স্বামী একটি অপরিচিত নম্বর থেকে বাড়ির মোবাইল ফোনে কল করে প্রায় দুই মিনিট কথা বলেন। এ সময় সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরের এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুরা জাহাজ এমভি আবদুল্লাহ'র নিয়ন্ত্রণ নেয়।এটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। বাংলাদেশি পতাকাবাহী জাহাজটির ২৩ নাবিককে জিম্মি করা হয়।
সালেহ আহমদের বোন জান্নাতুল মাওয়া বলেন, “চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় আমার এ ভাই। জাহাজের মালিকসহ সবার কাছে আকুল আবেদন আমার ভাইসহ জাহাজের সকল নাবিককে যেন অক্ষতভাবে উদ্ধার করে আমাদের মাঝে ফেরত দেওয়া হয়।“
সালেহর মেয়ে ১৪ বছর বয়সী মেয়ে রিয়াজুল জান্নাত কাশফি বলেন, “আমার আব্বুকে সোমালিয়ান পাইরেটসরা ধরে নিয়ে গেছে। আমার একটাই অনুরোধ সরকারের কাছে, শিপের ওনারদের কাছে। আমাদের আব্বুকে আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দিক।”
কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে।
জাহাজে থাকা নাবিক ও ক্রুরা হলেন জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ।
