২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

শ্বশুরবাড়ি থেকে সন্তানকে নিয়ে ফেরায় বাধা দিলে মাহমুদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ওই বৃদ্ধাকে কুপিয়ে জখম করেন বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

আটক মাহমুদুল হাসান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 09:17 PM

Updated : 09 Dec 2023, 09:17 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় জামাতাকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত কছিম উদ্দিন (৬০) ওই গ্রামের প্রয়াত গনি মাহমুদের ছেলে। আটক মাহমুদুল হাসান (৩০) একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মামুন বলেন, তিন থেকে চার বছর আগে কছিম উদ্দিনের মেয়ে দীপালির আক্তারের (২৫) সঙ্গে মাহমুদুলের বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। 

“সম্প্রতি মাহমুদুল ও দীপালির ঝগড়া হয়। এর জেরে দীপালি তার বাবার বাড়িতে চলে যান। ঘটনার দিন সকালে শ্বশুরবাড়িতে গিয়ে দীপালি ও তার সন্তানকে বাড়িতে নিয়ে যেতে চান মাহমুদুল। তবে দীপালি যেতে অস্বীকৃতি জানান।

“এমতাবস্থায় ৯ মাসের সন্তানকে নিয়ে মাহমুদুল বাড়ি থেকে বের হতে চাইলে তার স্ত্রী, শাশুড়ি ও শ্বশুর বাধা দেন। এতে মাহমুদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার শ্বশুর কছিমকে কুপিয়ে জখম করেন।”

স্বজনরা কছিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পরে স্থানীয়রা মাহমুদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মামুন।