২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১৭ বছরের ‘জঞ্জাল’ সাত মাসে ঠিক হয়ে যাবে না: এ্যানি

১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আঁকড়ে ধরে রেখেছিল বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।

১৭ বছরের ‘জঞ্জাল’ সাত মাসে ঠিক হয়ে যাবে না: এ্যানি

লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 07:04 PM

Updated : 26 Sep 2026, 07:07 PM

১৭ বছরের ‘জঞ্জাল’ সাত মাসে ঠিক হয়ে যাবে, এমনটা মনে করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, সাত মাসে শেষ হয়ে যাবে, এটা মনে করা কোনো অবস্থান বা বলা ঠিক হবে না। দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে।

“যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘণ্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তার হাতকে শক্তিশালী করছি।”

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

নবীনদের উদ্দেশে এ্যানি বলেন, “আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন। এরপরও অভাব অনটন থেকে আমরা বের হতে পারছি না।

“এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক পরিবেশ ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আঁকড়ে ধরে রেখেছিল। আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে।”

গত ১৭ বছরে জনগণ অনেক কিছু হারিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি।

“এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই জেনারেশন সবশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।”

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান চিকিৎসক কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বক্তব্য দেন।