২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 02:28 PM

Updated : 06 Sep 2022, 02:28 PM

ঢাকার সাভারে সড়কের পাশে জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে ঝাউচরের শাখা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হেমায়েতপুর ট্যানাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম জানান।

মৃত নাছির হোসেন (৩৫) খুলনা জেলার বাগেরহাট থানা এলাকার আইয়ুব আলীর ছেলে। সাভারের হেমায়েতপুর পর্বহাটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

এসআই বলেন, “সকালে সকের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ গিয়ে মরদেহের প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করেন। পরে ওই ফোন থেকে মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তার স্বামী পেশায় অটোরিকশা চালক।”

নাসিরকে গলাকেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানান জাহিদুল।

তিনি বলেন, “লাশের পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি পড়ে ছিল। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চালককে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

নিহতের স্ত্রী লাভলী বেগম বলেন, রাতে তার স্বামী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বেরিয়েছিলো। কিন্তু অনেক রাত হলেও সে আর বাসায় ফেরেনি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। মঙ্গলবার সকালে পুলিশ ফোন করে স্বামীর মৃত্যুর খবর জানায়।

লাশ ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই জাহিদুল।