২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে উদ্ধার মুখ পোড়া হনুমান গাজীপুরের সাফারি পার্কে অবমুক্ত

হনুমানটিকে পার্কে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হবে। পরে এটিকে হনুমান বেষ্টনীতে ছাড়া হবে।

কিশোরগঞ্জে উদ্ধার মুখ পোড়া হনুমান গাজীপুরের সাফারি পার্কে অবমুক্ত

ইটনার চন্দ্রপুর এলাকা থেকে হনুমানটি আটক করতে সক্ষম হন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 06:16 PM

Updated : 21 Jul 2023, 07:26 PM

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করা একটি মুখ পোড়া হনুমানকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা উপজেলায় দুই দিন ধরে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে পুরুষ হনুমানটি উদ্ধার করে বলে জানিয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।

তিনি জানান, দলছুট হনুমানটি করিমগঞ্জ ও ইটনা উপজেলায় অবাধে বিচরণ ও উৎপাত করছিল। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বনবিভাগে খবর দিলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার হনুমানটি দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন।

পরে পরিদর্শক নিগার সুলতানা চার সদস্যের একটি উদ্ধারকারী দল নিয়ে দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ইটনা উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে হনুমানটি সুস্থ সবল অবস্থায় আটক করতে সক্ষম হন।

শুক্রবার বিকালে হনুমানটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সাফারি পার্কে আরো ছয়টি মুখ পোড়া হনুমান রয়েছে। কিশোরগঞ্জ থেকে উদ্ধার হওয়া এই হনুমানটি পার্কে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হবে। পরে এটিকে হনুমান বেষ্টনীতে ছাড়া হবে।