ময়মনসিংহে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৫
আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহের পাগলা থানায় এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পাঁজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগের রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন-মকবুল হোসেন (৫৫), জাবেদ (২৫), কাজল মিয়া (৬০), শরীফ (৩২) ও সোহেল মিয়া। মকবুল বাদে বাকিরা কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা।
পুলিশ সুপার বলেন,গত ৩১ অক্টোবর ময়মনসিংহ জেলার পাগলা থানার খুরশিদ মহল ব্রিজের পূর্ব ঢালে রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে গফরগাঁওয়ের তেতুলিয়া গ্রামের অটোরিকশা চালক নাছির উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ছোট ভাই নুরুল আমিন বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা করেন।
এরপর হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। এরপর অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের বরাতে তিনি বলেন, “পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে গফরগাঁওয়ের জামতলা চৌরাস্তা থেকে হোসেনপুর যাওয়ার কথা বলে নাছির উদ্দিনের অটোরিকশায় ওঠে৷
“পৌনে ৯টার দিকে হোসেনপুর ব্রিজের কাছে পৌঁছালে নাছিরের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ঝোপের আড়ালে তার মরদেহ ফেলে যায়৷ পরে তার অটোরিকশা ও মোবাইলটি ছিনিয়ে নেয় তারা।”
