টুঙ্গিপাড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, প্রাণ গেল দিনমজুরের
রাস্তার পাশে সরকারি জায়গায় ঘর তৈরি করে বসবাস করতেন বিপ্লব।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে উঠে এক দিনমজুর নিহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে উপজেলার সিঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি এস এম কামরুজ্জামান।
নিহত ঋষি সম্প্রদায়ের বিপ্লব বিশ্বাস (৪০) সিঙ্গিপাড়া গ্রামের সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরি করে বিক্রির পাশাপাশি চর্মকারের কাজও করতেন।
পুলিশ জানায়, রাস্তার পাশে সরকারি জায়গায় ঘর তৈরি করে বসবাস করতেন বিপ্লব। মঙ্গলবার রাতে ঘরে তিনি একাই ঘুমিয়ে ছিলেন। মাগুরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া উপজেলার তরুর বাজারগামী মৎস্য খাদ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই ঘরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মারা যান।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন নিহত বিপ্লব বিশ্বাসের পরিবারকে বুধবার দুপুরে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
