নেত্রকোণায় ২ ইউপি উপনির্বাচনে জয়ী হলেন যারা
রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা রাতে ফলাফল ঘোষণা করেন।
নেত্রকোণা সদর উপজেলার দুটি ইউনিয়নের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার দিনভর ভোট শেষে রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা।
বেসরকারি ফলাফল অনুযায়ী, রৌহা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাতেন ৪ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. আব্দুল হাই পেয়েছেন ২ হাজার ৯৩১ ভোট। এখানকার মোট বৈধ ভোট ১১ হাজার ৭৮৫।
অপরদিকে সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোফাক্কারুল হোসেন মিলন। তিনি টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৭০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আসমা সুলতানা পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট। এখানকার মোট বৈধ ভোটার ১২ হাজার ৫৩৪।
