২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ‘কিশোর অপরাধী দলের প্রধানসহ’ গ্রেপ্তার ১৪

গ্রেপ্তাররা স্থানীয়ভাবে ত্রাস সৃষ্টি করতে নিজেদের ‘স্যাভেজ গ্যাং’ নামে একটি অপরাধী দলের সদস্য বলে পরিচয় দেয় বলে জানায় র‌্যাব।

রূপগঞ্জে ‘কিশোর অপরাধী দলের প্রধানসহ’ গ্রেপ্তার ১৪

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার আব্দুল মুকিত ও সুজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 09:17 PM

Updated : 09 Sep 2022, 09:17 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘স্যাভেজ গ্যাং’ নামে একটি কিশোর অপরাধী দলের প্রধানসহ ১৪ জন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ব়্যাব।

শুক্রবার বিকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব়্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মুকিত (২১) ওই দলের প্রধান এবং তার প্রধান সহযোগী হিসেবে আছেন সুজন (১৮)। মুকিত গোলাকান্দাইল এলাকার আব্দুল জব্বারের ও সুজন একই এলাকার সুরুজ আলীর ছেলে।

এ দু’জন ছাড়াও অনুর্ধ্ব ১৮ বছর বয়সী ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এ দলের সক্রিয় সদস্য দাবি করে র‌্যাব জানায়, স্থানীয়ভাবে ত্রাস সৃষ্টি করতে এরা নিজেদের ‘স্যাভেজ গ্যাং’র সদস্য বলে পরিচয় দেয়।

গ্রেপ্তারদের থেকে একটি রাম দা, একটি হাসুয়া, চারটি ছোরা, একটি হাতুড়ি, তিনটি সুইচযুক্ত চাকু ও চারটি জিআই পাইপ জব্দ করা হয় বলেও জানায় ব়্যাব।

এএসপি রিজওয়ান সাঈদ বলেন, গ্রেপ্তার সবাই কিশোর অপরাধী দলের সদস্য। ১৪ থেকে ১৫ জনের এ দল রূপগঞ্জ ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা করে আসছে। তাদের গ্রেপ্তারের জন্য ব়্যাবের গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্যে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।