২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

ওই ভবনের একটি রড বিদ্যুৎ সার্ভিস লাইনের সঙ্গে লেগে গেলে নির্মাণ শ্রমিক মহসিন ও ইলেকট্রিক মিস্ত্রি আজিম বিদ্যুতায়িত হন।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শ্রমিকদের স্বজনরা হাসপাতালে আহজারি করছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 03:49 PM

Updated : 16 Oct 2023, 03:49 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক ও ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলা শহরের বেনেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান।

নিহতরা হলেন- ওই উপজেলার বলুহর গ্রামের বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আজিম (২৮) এবং মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক মহসিন আলী।

ওসি সৈয়দ আল মামুন বলেন, ওই এলাকার ব্যবসায়ী সাইফুল্লাহ বাবলুর নির্মাণাধীন ভবনের তিন তলায় কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি আজিম এবং নির্মাণ শ্রমিক মহসিন আলী। 

“ওই ভবনের একটি রড বিদ্যুৎ সার্ভিস লাইনের সঙ্গে লেগে গেলে দুইজনই বিদ্যুতায়িত হন। এ সময় তারা তিন তলা থেকে নিচে পড়ে যান।”

ওসি আরও বলেন, এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহসিনকে যশোর জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।