টাঙ্গাইলে ট্রাকচাপায় গেল স্কুলশিক্ষকের প্রাণ
এক স্বজন জানান, স্কুলশিক্ষক মোটরসাইকেলে তার গ্রামে যাচ্ছিলেন।
টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান জানান।
নিহত ৫১ বছর বয়সি মো. আমিনুল ইসলাম বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে। তিনি তার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নিহতের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু জানান, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেলে জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ বলেন, লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
