৪৪ বছর পার করল ‘বাগেরহাট থিয়েটার’
অনুষ্ঠানে ‘নাটক হোক শোষণ মুক্তির হাতিয়ার’ এই স্লোগানে ভালো নাটক উপহার দেওয়ার অঙ্গীকার করা হয়।
নানা আয়োজনে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাগেরহাট থিয়েটারের ৪৪ বছর পূর্তি উদ্যাপিত হচ্ছে।
শনিবার সকালে স্লোগানে শহরের পুরাতন জেলখানা সড়কে থিয়েটারটির কার্যালয়ের সামনে ‘অস্তিত্বের শেকড়ে যূথবদ্ধ আমরা’ স্লোগানে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়।
এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
পরে নাট্যকর্মীদের একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
৪৪ বছর পূর্তিতে অনুষ্ঠানমালার মধ্যে আছে নাট্য সংগঠক শেখ নজরুল ইসলাম সম্মাননা পদক প্রদান, থিয়েটার কর্মীদের পরিবেশনায় নাটক ‘সত্যি ভূতের গল্প’, কবিতা আবৃত্তি ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছিলেন বাগেরহাট থিয়েটারের ৪৪ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক নাট্যকর্মী শেখ আজমল হোসেন, সদস্য সচিব ও নাট্য অভিনেতা তাবেদার-ই-রসুল চান্নু, বাগেরহাট থিয়েটারের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লাবলুসহ নাট্যকর্মীরা।
এ সময় গোলাম কিবরিয়া বলেন, “১৯৭৮ সালে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাগেরহাট থিয়েটারের যাত্রা শুরু হয়। আজ এ থিয়েটারের ৪৪ বছরপূর্তি উদযাপন করছি। থিয়েটারটি এখন পর্যন্ত ৫০টি নাটক মঞ্চায়ন করে, যার শো হয়েছে দুইশ’র উপরে। এর মধ্যে পথনাটক, গ্রামীণ থিয়েটার রয়েছে। যা দর্শনীর বিনিময়ে গত ৪৪ বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাট থিয়েটারের জেগে থাকাকে আবার নতুন করে জানান দিল। আধুনিক যুগে ইউটিউব আসায় মঞ্চ নাটকের দর্শক কমে গেছে। আমরা অঙ্গীকার করছি, ‘নাটক হোক শোষণ মুক্তির হাতিয়ার’ এই স্লোগানে আগামীতে দর্শকদের জন্য ভালো নাটক উপহার দেব।”
অভিনয় শিল্পী তাবেদার-ই-রসুল চান্নু বলেন, “সাংষ্কৃতিক অঙ্গণে এখন সংকটকাল চলছে। সংকটের মধ্যে দিয়ে বাগেরহাট থিয়েটার এগিয়ে চলেছে। বর্তমান প্রজন্ম নাটক থেকে দূরে সরে যাচ্ছে। এর মধ্যে দিয়েও আমরা সংগ্রাম চালিয়ে যাব। সবার সহযোগিতা নিয়ে থিয়েটারের পথচলা অব্যাহত থাকবে।”
