তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি-জামায়াতই নষ্ট করেছে: দীপু মনি
মন্ত্রী বলেন, পরে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে।
আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি-জামায়াতই নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “পরে আদালতের মাধ্যমে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিল হয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপি সংবিধান ও নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল’ বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে সভায় ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
বক্তব্যে দীপু মনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মেনে নেয়নি, উন্নয়ন মেনে নেয়নি, দেশের মানুষকে সবসময় জিম্মি করে তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যারা একাত্তর- পঁচাত্তরের হত্যাকারী, ২১ অগাস্টের হত্যাকারী, ২০০১ এর নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের এক ভয়ংকর জনপদ গড়ে তুলেছিল, তারা ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, আজকে মানবাধিকার-গণতন্ত্র নানা প্রকার কথা বলে আগামী নির্বাচনকে সামনে রেখে তারাই দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
‘দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে? বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল; তারা সংবিধান মানে না। তাদের ক্ষমতায় যতক্ষণ না বসিয়ে দেওয়া হবে ততক্ষণই বলবে, নির্বাচন সুষ্ঠু হয়নি।”
বিএনপি ক্ষমতায় এলে সার-কীটনাশকের জন্য জীবন দিতে হয় দাবি করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “তারা ক্ষমতায় এলে দেশে শিক্ষাব্যবস্থাও ধ্বংস হয়, বিদ্যুতের উৎপাদন কমে যায়। বোমা হামলা হয়। দেশের ক্ষতি হয়। মানুষের জানমালের ক্ষতি হয়। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।”
২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গাজীপুরের নেতাদের প্রতি আহ্বান জানান দীপু মনি।
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ইকবাল হোসেন অপু, জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
সভায় গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
