১৪ বছর পর কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার
কক্সবাজার শাখার সবশেষ সম্মেলন পরবর্তী কমিটি গঠন হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে।
দীর্ঘ ১৪ বছর পর স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে বিকাল ৩ টায় এই সম্মেলন শুরু হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রহিম উদ্দিন।
দলের নেতারা জানিয়েছেন, এই সম্মেলনের পর কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
এর আগে কক্সবাজার শাখার সবশেষ সম্মেলন পরবর্তী কমিটি গঠন হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব একরামুল হুদা।
তিনি বলেন, “সম্মেলন সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ৫৩ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি এবং ১১টি উপকমিটি কাজ করছে। সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজি মেজবাহ হোসেন সাচ্চু। সম্মেলনে ৪৪৭ জন কাউন্সিলর এবং ২ হাজার ডেলিগেটের তালিকাও চূড়ান্ত করা হয়েছে।”
এরই মধ্যে সম্মেলনস্থল ব্যানার-ফেস্টুনে ভরে উঠেছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দুই ডজনের বেশি নেতার ব্যানার ও পোস্টার দেখা গেছে।
দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, কক্সবাজারের স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি গঠিত হয় ১৯৯৫ সালে। ওই কমিটিতে রহিম উদ্দিনকে আহ্বায়ক, কক্সবাজার-২ আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও ফখরুল ইসলাম গুন্দুকে যুগ্ন আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছিল।
২০০৯ সালে সেপ্টেম্বরে সম্মেলনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রহিম উদ্দিন সভাপতি ও কায়সারুল হক জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গত ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় দল থেকে বহিষ্কার হন কায়সারুল হক জুয়েল। এরপর কেন্দ্রিয় কমিটি রহিম উদ্দিনকে আহ্বায়ক এবং একরামুল হককে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে।
এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহারউদ্দিন নাছিম, অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
