১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাফ নদী থেকে সাড়ে চার কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

নাফ নদী থেকে সাড়ে চার কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে সাড়ে চার কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 09:48 PM

Updated : 10 Jul 2023, 09:48 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে প্রায় সাড়ে চার কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি।

সোমবার বিজিবি-২ এর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ভোর রাতে নাফ নদীর তীরবর্তী টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় অভিযান চালানো হয়।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোর রাতে ওই এলাকায় স্থানীয় একটি বরফ কলের পাশ দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এরপর সেখানে অভিযান চালান বিজিবির সদস্যরা।

তিনি বলেন, এক পর্যায়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। হাতে ছোট একটি বস্তাসহ তীরের দিকে আসতে থাকেন ওই দুই ব্যক্তি। তখন তাদের থামার জন্য নির্দেশ দেন বিজিবির সদস্যরা।

লেফটেন্যান্ট কর্নেল আরও বলেন, “এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যান।

“পরে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।”

জব্দ হওয়া মাদকগুলো ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে; এ ব্যাপারে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।