গাজীপুরে নারীসহ ১৬ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার
তাদের কাছে ২৭৫টি ইয়াবা, ছয় গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে সদর থানা এলাকা থেকে এক নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে ১০ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বলে জানিয়েছেন সিটি পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন।
তিনি জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপনে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।
“অভিযানকালে ২৭৫টি ইয়াবা, ছয় গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।”
মাদক উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
