কুমিল্লায় ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
২২ জুলাই এক ছাত্রকে নিজ বাসায় নিয়ে এক মাদ্রাসাশিক্ষক ধর্ষণ করেন বলে বলে জানায় পুলিশ।
কুমিল্লার লাকসাম উপজেলায় ১৪ বছর বয়সি এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআই মো. মাকসুদুর রহমান।
এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রের বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তার মো. শরীফুর রহমান খন্দকার (৬০) উপজেলার বড়বাম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মদিনাতুল উলুম জামিয়া বড়বাম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক।
মামলার বরাতে এসআই মাকসুদুর বলেন, “নির্যাতনের শিকার ওই ছাত্র মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করত। শরীফুর গত ২২ জুলাই ওই ছাত্রকে মাদ্রাসা থেকে মোটরসাইকেলে করে লাকসাম শহরের খন্দকার মার্কেটের চতুর্থ তলায় তার বাসায় নিয়ে যান।
“সেখানে ওই ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলাসহ নানা ভয়ভীতি দেখান শরীফুর।
“গত ২৬ জুলাই ফের ওই ছাত্রকে বাসায় নিতে চাইলে সে কৌশলে বাড়িতে পালিয়ে গিয়ে ঘটনাটি তার অভিভাবকে জানায়।”
তিনি আরও বলেন, শরীফুর মাদ্রাসার একাধিক ছাত্রের সঙ্গে এমন অপকর্ম করেছেন বলে পুলিশকে জানিয়েছে ভুক্তভোগী ছাত্র। শরীফুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই মাকসুদুর।
