২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুপিতে প্রথম আমদানির পণ্য বেনাপোলে

রুপিতে লেনদেন শুরু হওয়ায় খুশি দু’দেশের ব্যবসায়ীরা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 12:48 AM

Updated : 26 Jul 2023, 12:56 AM

বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে যে বাণিজ্য লেনদেন শুরু হয়েছে, তার প্রথম আমদানিকারক নিটা কোম্পানির মালামাল বেনাপোলে পৌঁছেছে।

মঙ্গলবার সন্ধ্যায় চালানটি পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি ইসরাইল হোসেন।

নিটা কোম্পানির যশোর অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের মোটর যন্ত্রাংশ নিয়ে চারটি ট্রাক বেনাপোলে পৌঁছেছে।

ডলার সংকটের দুনিয়ায় লেনদেন নিষ্পত্তির বিকল্প তৈরির চেষ্টায় গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু হয়। সেই যাত্রার প্রথম চালান সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশি দুদেশের ব্যবসায়ীরা।

যশোরের মোটর যন্ত্রাংশ আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, “আমরা ব্যবসায়ীরা এতে দারুণ খুশি। আমি মোটর পার্টস আমদানি করে তা সারা দেশে বিক্রি করে থাকি। কিন্তু ডলার সংকটের কারণে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছিলাম না। পণ্য আনতে না পারায় ব্যবসায়িকভাবে ক্ষতির শিকার হচ্ছি। তবে এবার সে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।”

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “বাংলাদেশের আধুনিকীকরণ ও ডিজিটাল ডেভলপমেন্টের কারণে কিছুটা ডলার সংকট দেখা দেয়। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই দু'দেশের আধিকারিকরা ১১ জুলাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি টাকার বিনিময়ে আমদানি-রপ্তানি সচল রাখার। টাটা মোটরস মঙ্গলবার প্রথম অ্যাসাইনমেন্ট দেড় কোটি টাকার পণ্য রপ্তানি করল।”

ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুপিতে আমদানি ব্যয় মেটানোর বিষয়ে গত এক দশক আগে আলোচনা শুরু হয়। তবে গেল বছর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে ডলার সংকট দেখা দিলে রুপিতে পণ্য আমদানির বিষয়টি নতুন করে প্রাধান্য পায়।

“বর্তমান সময়ে বাণিজ্য সহজ করতে রুপিতে আমদানি ব্যয় মেটানো বড় সহায়ক ভূমিকা রাখবে। এতে আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ও বাড়বে।”

পুরনো খবর:

রুপিতে বাণিজ্য শুরু: ‘বড় সূচনার প্রথম পদক্ষেপে’ বাংলাদেশ ও ভারত