২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

দুই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন চিশতী।

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতীকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 07:21 PM

Updated : 18 Jul 2023, 07:54 PM

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা দায়রা ও জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ফাহিমুল হক কিসলু জানান।

 চিশতী সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য।

এপিপি ফাহিমুল বলেন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন চিশতী। উচ্চ আদালতের নির্দেশে দুপুরে চিশতী সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বাতিল করেন।

চিশতীর আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, দুই মামলা থেকে জামিন পেতে ৮ জুন উচ্চ আদালতে আবেদন করেন চিশতী। আদালত তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। পাশাপাশি নিম্ন আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন।