২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি মিশন থেকে লাশ হয়ে ফিরলেন পরিবারের অবলম্বন শরিফ

শরিফের মরদেহ সিরাজগঞ্জের গ্রামের বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

শান্তি মিশন থেকে লাশ হয়ে ফিরলেন পরিবারের অবলম্বন শরিফ

মরদেহ গ্রামে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 10:36 PM

Updated : 15 Oct 2022, 10:36 PM

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে গিয়ে বোমা বিস্ফোরণে নিহত শরিফ হোসেনের দাফন তার সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শরিফসহ তিনজনের লাশ আসে। পরে নিহতদের মরদেহ সেনা ক্যাম্পে নেওয়া হয়।

সেখানে প্রথম জানাজা হয় এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এরপর সেনাবাহিনীর একটি দলের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের বেলকুচির সন্তান শরিফের মরদেহ তার নিজ গ্রাম বেড়াখারুয়ায় আনা হয়।

সেখানে হাজার হাজার মানুষ শরিফ হোসেনের মরদেহের অপেক্ষায় ছিল।

মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।  

শরিফ হোসেনের লাশ দেখে তার মা-বাবা-স্ত্রীসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

পরে মরদেহ বেড়াখারুয়া করবস্থান মাঠে নেওয়া হয়। মরদেহের সঙ্গে আসা সেনা সদস্যরা শরিফের কফিনে জাতীয় ও সেনাবাহিনীর পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শরিফের জানাজা শেষে দাফন করা হয়।

Image

শরিফ হোসেনের কবরে সেনা প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

পরে কবরের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়; গুলি ফুটিয়ে এবং সেনা প্রধানের পক্ষ থেকে শরিফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সেনা সদস্যরা সেনা প্রধানের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা ও সম্মাননাপত্র এবং জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া সম্মাননা স্মারক পরিবারের কাছে হস্তান্তর করেন।

পরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডলের পক্ষে তার সহকারী একান্ত সচিব সেলিম সরকার, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান ও গ্রামবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান মাখন, পরিবারের পক্ষে মাহদুল হাসান শান্ত ও বেলকুচি উপজেলা এক্স সোলজারস অ্যাসোসিয়েশনের সভাপতি সার্জেন্ট (অব.) আইয়ুব আলী বক্তব্য দেন।  

গত ৪ সেপ্টেম্বর মধ্য আফ্রিকায় শান্তি মিশনে থাকাকালে বোমা বিস্ফোরণে শরিফ হোসেনসহ তিন সেনা সদস্য নিহত হন।

শরিফ ছিলেন তাঁত শ্রমিক পরিবারটির অবলম্বন।  

ছেলের মৃত্যুতে শোকাহত বাবা লেবু তালুকদার বলেন, “আমি গরিব মানুষ, আমার ছেলে দেশের জন্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় আমার ছেলেকে সম্মাননা জানানো হয়েছে, এর চেয়ে গৌরবের আর কী হতে পারে।”

Image

শরিফ হোসেনের কবরে গার্ড অব অনার

এ সময় তিনি তার ছোট ছেলে কাওসার তালুকদার ও মেয়ে লাকী খাতুনের জন্য প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের কাছে চাকরি দাবি করেন।

দুই ভাই ও এক বোনের মধ্যে শরিফ ছিলেন সবার বড়। এসএসসি পাসের পর ২০১৭ সালে তিনি সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।

সিলেট সেনানিবাস ছিল তার কর্মস্থল। এক বছরের জন্য মধ্য আফ্রিকায় শান্তি রক্ষা মিশনে যোগ দিতে গত বছরের ২ ডিসেম্বর দেশত্যাগ করেন। মাত্র এক বছর আগে শরিফ হোসেন বিয়ে করেন।