যশোরের সড়কে দুই দুর্ঘটনায় নিহত ৩
সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট মোড় এবং মনোহরপুরে এই দুই দুর্ঘটনা ঘটে।
যশোরে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট মোড় এবং মনোহরপুরে এই দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর শহরের পোস্ট অফিসপাড়ার আবদুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০), কাজিপাড়ার আবদুল মান্নানের ছেলে শেখ খোকন (৩৫) ও উপশহর ৬ নম্বর সেক্টরের মঞ্জুরুল কাদেরের ছেলে আরমান (৩৫)।
কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে মোটারসাইকেলযোগে ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাচ্ছিলেন শিমুল। “চাঁচড়া চেকপোস্ট মোড়ে এক পথচারীকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
ওসি জানান, অপর দুর্ঘটনা ঘটে মনোহরপুর এলাকায়। সন্ধ্যা ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে খোকন ও আরমান মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
