২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত এক হাজার

করোনাভাইরাস মহামারী কাটিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত এক হাজার

ময়মনসিংহের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 11:25 PM

Updated : 15 Sep 2022, 11:25 PM

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অংশ নেয়নি এক হাজার দুজন শিক্ষার্থী; বহিষ্কার হয়েছে দুই জন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গাজী হাসান কামাল।

পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, মোট এক হাজার ২৯১ প্রতিষ্ঠানের ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ৫৭ হাজার ২৯৭ জন ছাত্র ও ৫৫ হাজার ৬৫১ জন ছাত্রী।

জেলা ভিত্তিক তথ্য ‍তুলে ধরে তিনি বলেন, জামালপুরে ২৭ হাজার ১১৭ জন, শেরপুরে ১৪ হাজার ৫৩০ জন, নেত্রকোণায়  ২১ হাজার ৫৯০ জন ও ময়মনসিংহে ৪৯ হাজার ৭১১ জন পরিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম বলেন, প্রথমদিনে বাংলা প্রথমপত্র বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার দুই জন অনুপস্থিত ছিল। এছাড়াও বহিস্কার হয়েছে দুজন শিক্ষার্থী।

জেলাওয়ারী অনুপস্থিত ময়মনসিংহে ৪৪৮ জন, জামালপুরে ২৩০ জন, নেত্রকোণায় ২০৩ জন এবং শেরপুরে ১২১ জন। 

এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফারজানা ইসলাম ফাইজা নামে এক পরীক্ষার্থী বলেছেন, করোনাভাইরাস মহামারী কাটিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তারা। প্রশ্নের পূর্ণমান অনুযায়ী নির্ধারিত সময়ও যথেষ্টই ছিল।

“প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। সবকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি।” 

আরেক পরীক্ষার্থী তাহেরিন জান্নাত বলেন, প্রশ্ন কিছুটা কৌশল অবলম্বন করে তৈরি হয়েছে। যারা নিয়মিত পড়াশোনা করেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে।