২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ভোট থেকে সরে গেলেন জাপার ৫ প্রার্থী

চুয়াডাঙ্গা-১ ও ২, হবিগঞ্জ-২, সিলেট-৫ এবং গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির পাঁচ প্রার্থী ভোট থেকে সরে দাঁড়িয়েছেন।

চার জেলায় ভোট থেকে সরে গেলেন জাপার ৫ প্রার্থী

চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের জাপার মনোনীত দুই প্রার্থী বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিতিনিধি, সিলেট প্রতিনিধি ও গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 06:14 PM

Updated : 03 Jan 2024, 09:04 PM

হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির তিন প্রার্থী।

তারা দলের কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতা, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ, চাপ ও হুমকির কথা জানিয়েছেন।

চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের জাপার মনোনীত দুই প্রার্থী বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তার আগে মঙ্গলবার হবিগঞ্জ-২ আসনের প্রার্থী শংকর পাল ভোটের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জাপাকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টির নেতারা লাঙ্গল প্রতীক নিয়ে সারাদেশে মোট ২৮৩টি আসনে লড়াই করছেন- এমনটি জানিয়েছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ।

গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা দলের নেতৃত্বের ওপর দোষ চাপিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বুধবার রংপুরে সাংবাদিকদের বলেন, “মিডিয়ার সামনে আমাদের দোষ দিয়ে যারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন তা দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই কাজ করছেন। যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন, তারা নিজেদের স্বার্থে সরে যাচ্ছেন। এগুলো যাচাই-বাছাই করে আগামীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

পুরনো খবর:

‘নিজেদের স্বার্থে’ সরছেন কেউ কেউ, ‘ব্যবস্থা’ নেবে জাপা

এর মধ্যেই চুয়াডাঙ্গার দুটি আসন থেকে জাপা প্রার্থীরা সরে যাওয়ার ঘোষণা দিলেন।  

আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-১ আসনের লাঙ্গলের প্রার্থী জেলা জাপার সভাপতি সোহরাব হোসেন।

দামুড়হুদা, জীবননগর এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনে লাঙ্গলের প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার পাশাপাশি নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রচারও বন্ধ করেছেন। অন্য প্রার্থীদের ব্যাপক টাকা খরচের প্রতিবাদে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানান।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-১ আসনের লাঙ্গলের প্রার্থী সোহরাব হোসেন বলেন, “অন্য প্রার্থীদের খরচের কাছে টিকে থাকা সম্ভব নয় এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি প্রচারণা বন্ধ করেছি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

চুয়াডাঙ্গা-১ আসনের লাঙ্গলের প্রার্থী রবিউল ইসলাম বলেন, “কেন্দ্রীয় নেতাদের কোনো সহযোগিতা আমরা কখনও পাইনি।”

হবিগঞ্জ-২:

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল।

মঙ্গলবার এক ভিডিও বার্তার মাধ্যমে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

শংকর পাল দলের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

ভিডিও বার্তায় তিনি বলেন, “নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে। আছে ক্ষমতাসীনদের পেশিশক্তির প্রভাব। দেশের বিভিন্ন স্থানে যেভাবে সংঘর্ষ-সংঘাত চলছে, তাতে নিজের ও সমর্থকদের জানমাল রক্ষা করা কঠিন। তাই বানিয়াচং-আজমিরীগঞ্জে প্রচার থেকে বিরত রয়েছেন।

এর মধ্যে সমর্থকদের লাঙ্গল ছাড়া তাদের পছন্দের যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়টি জানিয়েছেন বলে তিনি জানান।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও তার গড়া জাতীয় পার্টিকে ভালোবাসি বলে এখনও দল করি। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সমর্থিত পোস্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি নই। তাহলে দলের অবস্থান কোথায় থাকল? আওয়ামী লীগের সমর্থন নিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এজেন্টকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। কারণ ছাড়াই দোকান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর জবাব আজও পাইনি। এবারের নির্বাচনেও যে তা হবে না, এর নিশ্চয়তা কোথায়?”

শংকর পাল বলেন, “সম্প্রতি হবিগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময়কালে বলেছি, নির্বাচন করতে প্রার্থী হইনি। সাক্ষী হয়ে দেখতে চাই আপনারা কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করছেন। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”

Image

সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ বুধবার বিকালে সংবাদ সম্মেলন করেন।

সিলেট-৫:

কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ।

বুধবার বিকাল চারটায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এখন পর্যন্ত সিলেট বিভাগে সাব্বির আহমদসহ জাতীয় পার্টির তিন প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান। অন্য দুইজন হলেন- সুনামগঞ্জ-১ আসনে আব্দুল মান্নান তালুকদার ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী শংকর পাল।

সংবাদ সম্মেলনে সিলেট-৫ আসনে জাপার প্রার্থী সাব্বির আহমদ বলেন, “সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার সিলেটে এসেও একই কথা বলেছিলেন।

“তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির কর্মী ও ভোটাররা শঙ্কিত। প্রার্থী হিসেবেও আমি নানাভাবে হুমকি-ধমকির শিকার হচ্ছি। মাঠে সে রকম পরিবেশ পাচ্ছি না; তাই নির্বাচন করা খুবই কঠিন।”


৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউজে সব প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, “সেসময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি; তিনিও বিষয়টি নোট করেছেন। অভিযোগ দেওয়ার পরও নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন করার কোনো পরিবেশ নেই, তাই নির্বাচন বয়কট করেছি।”


নির্বাচনের পরিবেশ ব্যাপারে সকালে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সাব্বির আহমদ বলেন, “চেয়ারম্যান বলেছেন তোমার এলাকার পরিবেশ তুমি বোঝো। যদি সেরকম পরিবেশ না থাকে তাহলে বয়কট কর।” 

Image

গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার আতা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন।

গাইবান্ধা-৫

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার আতা।

বুধবার বিকালে সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

আতাউর রহমান সরকার আতা জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা কমিটির আহ্বায়ক। এ ছাড়া তিনি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, “এর মধ্যে আমার নির্বাচনি ক্যাম্প পুড়ে দেওয়া ও নেতাকর্মীদের মারধর এবং ভয়ভীতি দেখানো হয়েছে। এসব বিষয় প্রশাসনকে বারবার অবহিত করলেও তাদের নীরব ভূমিকা দেখা যাচ্ছে।”

তিনি বলেন, “নিরাপত্তাহীনতা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় আমার দলের নেতাকর্মী এবং আমার ভোটারদের যে কোনো সময় জানমালের ক্ষতি হতে পারে। এই আশঙ্কায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের পরামর্শে এই প্রহসনের নির্বাচনে আমার সকল কার্যক্রম বন্ধ করে নির্বাচন থেকে সসরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।”

জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আরও বলেন, “আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

আরও পড়ুন:

পুরনো খবর:

‘প্রহসনের নির্বাচন’ অ্যাখ্যা দিয়ে সরে গেলেন জাপার ২ প্রার্থী
সুনামগঞ্জ-১: ভোট থেকে সরে গেলেন জাপার প্রার্থী
দিনাজপুরে ‘ভোটারদের প্রশ্নে বিব্রত’ জাপার প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ালেন