নওগাঁয় রাস্তার কাজের সময় ১০০০ গাছ কাটার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
অভিযোগে বলা হয়, মেশিন দিয়ে মাটি কাটার সময় রাস্তার দুই পাশের জমির মালিকদের লাগানো ছোট-বড় প্রায় ১০০০ গাছ কেটে নিয়েছে চেয়ারম্যানের সমর্থকরা।
নওগাঁর আত্রাই উপজেলায় উন্নয়ন কাজের সময় রাস্তার দুই পাশের জমির মালিকদের প্রায় এক হাজার ছোট-বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে।
২১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকতেখারুল ইসলামের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন আন্ধারকোটা ও ক্ষিদ্র কালিকাপুর গ্রামবাসীর পক্ষে জিল্লুর রহমান ও ফজলুল হক।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক নাদিম ও মেম্বার মিলনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান জানান, ক্ষিদ্র কালিকাপুর-আন্ধারকোটা রাস্তায় সরকারিভাবে কোনো ভূমি অধিগ্রহণ নেই ।নদীর ধারের এ রাস্তাটির মাটি কাটার জন্য সরকারিভাবে দেড় টন চাল ও দুই টন গম বরাদ্দ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মার্চ মাসে রাস্তায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। এ সময় রাস্তার দুই পাশের জমির মালিকদের লাগানো আম, কাঁঠাল, নিম, ইউক্যালিপটাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় প্রায় এক হাজার গাছ কেটে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লোকজন।
ক্ষিদ্র কালিকাপুর গ্রামের হাসান আলী বলেন, “আমার লাগানো প্রায় ৩৫টি গাছ কেটে নিয়ে গেছে। তারা কোনো কথাই শুনতে চায়নি।”
আন্ধারকোটা গ্রামের আছির উদ্দিনের ৩০টি, জলু হোসেনের ২০টি গাছ ও অন্যান্যদের শত শত গাছ কেটে নিয়ে গেছে চেয়ারম্যান ও মেম্বারের লোকেরা। এ বিষয়ে তদন্ত করে কেটে নিয়ে যাওয়া গাছের দাম দেওয়ার দাবি করেছেন গ্রামবাসী।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম বলেন, “রাস্তায় মাটি কাটার স্বার্থে দুই গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই কিছু গাছ কাটতে হয়েছে। যার সংখ্যা খুবই কম। এরপরও কাটা গাছের যে দাম হয় তা গ্রামের মসজিদে দেওয়া হবে।”
এ বিষয়ে মেম্বার মিলনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ প্রসঙ্গে ইউএও ইকতেখারুল ইসলাম বলেন, “গাছ কাটার অভিযোগের বিষয়টি সে সময় কেউ আমাকে জানাননি। এরপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
