বিএনপিকে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে: শাহজাহান ওমর
“আমি লক্ষ্য করে দেখছি, কোন দল যদি নির্বাচনে না যায়, তবে সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়।”
বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমর বলেছেন, “বিএনপিকে নির্বাচনের জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
শুক্রবার বিকালে ঝালকাঠির কাঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় শাহজাহান ওমরকে। যদিও আগে সেই আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুন। পরে তার নৌকার মনোনয়ন বাতিল হয়ে যায়।
অপরদিকে নৌকার মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির ঈগল প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ঘিরে ঝালকাঠির মানুষের সবাই চোখ রাজাপুর-কাঁঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের দিকে। হঠাৎ করেই বিএনপি থেকে নৌকায় চড়া সাবেক বিএনপির নেতা শাহজাহান ওমর জন্ম দিচ্ছেন একের পর এক আলোচনা-সমালোচনা।
এ আসনে এই দুই প্রার্থী ছাড়া আর ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকার মাঝি শাহজাহান ওমর বলেন, “আমি লক্ষ্য করে দেখছি, কোনো দল যদি নির্বাচনে না যায়, তবে সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। দল করতে মানুষ নির্বাচন করার জন্য। সব নির্বাচনে জেতবেন এমন কোনো কথা আছে? এখন বিএনপি মনে করে যখনই তারা ক্ষমতায় যাবে, তখনই তারা নির্বাচন করবে।
“এই অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায় কত বছর গেল? এই রকম বোধ হয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে। ”
কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
