২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে: কৃষিমন্ত্রী

“আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।”

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে: কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের একটি বাগান পরিদর্শন শেষে এক সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 06:37 PM

Updated : 13 Jul 2023, 06:37 PM

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বিএনপি নিজেদের কবর নিজেরা খুঁড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘাসুড়া গ্রামে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের একটি বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, “সেই কবর থেকে বিএনপি বের হয়ে আসতে পারছে না। নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না।”

আব্দুর রাজ্জাক বলেন, “আন্দোলন করে কেউ কোনোদিন সফল হয়নি, যদি জনগণ সঙ্গে না থাকে। বাংলাদেশের উন্নয়নের কারণে জনগণ শেখ হাসিনাকে চায়। আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “শুধু গার্মেন্টস শিল্প নয়, আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।”

বাগান পরিদর্শন শেষে আমচাষিদের এক মতবিনিময় সভায় রপ্তানিযোগ্য আম উৎপাদন, বিপণন ও রপ্তানি বিষয়ে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী।

Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের একটি বাগান পরিদর্শন করছেন কৃষিমন্ত্রী।

কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসানসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

পরে কৃষিমন্ত্রী শিবগঞ্জ উপজেলায় আম সংরক্ষণাগার ও পলিনেট হাউস প্রকল্প পরিদর্শন করেছেন। এ ছাড়া বিকালে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে ‘আম উৎপাদন ও বিপণন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।