সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা: ৫৩ জেলে আটক, ৫ ট্রলারকে জরিমানা
প্রতি বছরের মত এবারও দেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ৫৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। জরিমানা করা হয়েছে পাঁচটি মাছ ধরা ট্রলারকে।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল।
উদ্ধার করা মাছ ও জাল নিলামে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়া কর্মকর্তা শাফিউল জানান, সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।
এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আন্দারমানিক নদীর মোহনায় অভিযান করে কোস্ট গার্ড নিজামপুর স্টেশনের একটি দল।
এ সময় সমুদ্র থেকে মাছ শিকার করে ফেরা সাতটি মাছ ধরা ট্রলার ও ৫৩ জন জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২৫ লাখ মিটার সুতার জাল ও বিভিন্ন প্রজাতির ৮০০ কেজি মাছ।
পরে আইনগত ব্যবস্থা নিতে তাদের উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
কলাপাড়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক ট্রলারের মধ্যে পাঁচটিতে মাছ ও জাল পাওয়া গেছে। দুইটিতে কিছুই ছিল না। পাঁচটি ট্রলার থেকে উদ্ধার করা ইলিশ, পোয়া, লইট্যা, চিংড়ি, কোরাল ও তুলার দাড়ি মাছ নিলামে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
“পরে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেরিন ফিশারিজ আইন অনুযায়ী নিলামের সমপরিমাণ অর্থ পাঁচ ট্রলার মালিককে জরিমানা করেছেন।”
জরিমানা দেওয়ার পর আটক জেলেরা ভবিষ্যতে আইন অমান্য করবেন না এমন মুচলেকা দিয়েছেন। পরে ট্রলার, জেলে ও জাল ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান।
প্রতি বছরের মত এবারও দেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময়ে সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার।
বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও ক্রাস্টাসিয়ান্স (কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী, কাঁকড়া) এর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং মাছের মজুদ সংরক্ষণ সুষ্ঠু ও সহনশীল আহরণ নিশ্চিত করার স্বার্থে ২০১৫ সাল থেকে প্রতিবছর এ সময় মাছ ধরা নিষিদ্ধ থাকে।
এর সুফল হিসেবেই প্রজনন মৌসুমের পর জেলেরা বিপুল পরিমাণ মাছ আহরণ করতে পারে বলে সরকারের তরফে বলা হয়।
আরও পড়ুন
