২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি অধ্যাপককে ‘পেটানো’ খুলনার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ক্ষমতার অপব্যবহারের কারণ উল্লেখ করে খুলনার জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের সুপারিশ করেন।

জবি অধ্যাপককে ‘পেটানো’ খুলনার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 10:03 PM

Updated : 07 Jun 2023, 10:34 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে পেটানোর ঘটনায় খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশের কপি পাওয়া যায় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমিনুর রহমান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত অফিস আদেশটি সোমবার জারি হয়।

ইউএনও বলেন, দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

চিঠিতে বলা হয়েছে, গত ৫ মে কয়রা উত্তরচক আমিনিয়া কামিল মাদরাসার নিয়োগ পরীক্ষায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম।

সেসময় মাদরাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে রাজি না হওয়ায় নজরুল ইসলামকে মারধর এবং জোরপূর্বক নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এমনকি তার কাছ থেকে মূল্যবান জিনিস ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় অধ্যাপক নজরুল বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ আটজনের নামে মামলা করেন।

ক্ষমতার অপব্যবহারের কারণ উল্লেখ করে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

এর আগে গত ১ জুন কয়রা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। তবে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. আজহারুল ইসলাম। 

আরো পড়ুন:

পুরনো খবর:

নিয়োগ কমিটির সদস্যকে ‘পিটিয়ে স্বাক্ষর আদায়’, গ্রেপ্তার ১