২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ কমিটির সদস্যকে ‘পিটিয়ে স্বাক্ষর আদায়’, গ্রেপ্তার ১

অধ্যাপক নজরুলের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে নিয়োগের কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়।

নিয়োগ কমিটির সদস্যকে ‘পিটিয়ে স্বাক্ষর আদায়’, গ্রেপ্তার ১

উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 06:52 PM

Updated : 07 May 2023, 06:52 PM

খুলনার কয়রায় একটি মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যকে মারধর করে নিয়োগের কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম এ মামলা করেন বলে জানিয়েছেন কয়রা থানার ওসি এ বি এম এস দোহা।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদকে। মোট আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

আবদুল্লাহ আল মাহমুদ ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে, মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে মাদ্রাসাটির অফিস সহকারী ও মামলার চার নম্বর আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার কামরুলকে কয়রা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

ওসি জানান, শুক্রবার স্থানীয় উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগবিধি অনুযায়ী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।

এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, “লিখিত পরীক্ষায় কোনো প্রার্থী উত্তীর্ণ না হওয়ার পরও মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুর রহমানকে নিয়োগ দিতে চাপ সৃষ্টি করেন ইউপি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ। কিন্তু চাপ উপেক্ষা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পক্ষে অনড় থাকেন অধ্যাপক নজরুল ইসলাম। এতে ক্ষিপ্ত হন সভাপতি।”

মামলার বর্নণায় নজরুল ইসলাম উল্লেখ করেছেন, নিয়োগ পরীক্ষার কাজ শেষে করে ফেরার পথে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির গতিরোধ করা হয়। গাড়ি থামানোর পর জোর করে তাকে নামিয়ে তার ঘড়ি, মোবাইল, মানিব্যাগ, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আনুমানিক ২০ হাজার টাকা ছিনিয়ে নেন ইউপি চেয়ারম্যান।

এ সময় চেয়ারম্যানের লোকজন কিলঘুষি মারতে মারতে তাকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করেছেন অধ্যাপক নজরুল।

তিনি জানান, সেখানে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নিয়োগের কাগজে স্বাক্ষর করতে বলা হয়।

এজাহারে বলা হয়েছে, নজরুল ইসলাম রাজি না হওয়ায় একটি ঘরে তাকে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

মারধরের এক পর্যায়ে নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন উল্লেখ করে জিডিতে তিনি বলেছেন, জ্ঞান ফিরলে নিজেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পান।

বর্তমানে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, “হাত ও মাথায় এখনও প্রচন্ড ব্যথা।”

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নিয়োগ পরীক্ষা শেষে ওই অধ্যাপক তার বাড়িতে নাশতা করতে এসেছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, “আমি মাদ্রাসাটির সভাপতি হওয়ার পর একটি পক্ষ আমাকে মেনে নিতে পারেনি। এমনকি অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বাতিল করতে স্থানীয় সংসদ সদস্যকেও ব্যবহার করে ডিও লেটার দেওয়া হয়েছে। এটিও ওই ষড়যন্ত্রের অংশ।”