২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল থাকুক: নজরুল ইসলাম খান

“জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব,” বলেন তিনি।

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল থাকুক: নজরুল ইসলাম খান

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিল দলের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 05:16 PM

Updated : 26 Sep 2026, 05:16 PM

‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য বহাল রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল বিরুদ্ধে সমাবেশ ও মিছিলের এ কর্মসূচি পালন করে মহিলা দল।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, “যারা আমাদের কমন শত্রু, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যটা বহাল থাকুক। কেন নিজেদেরকে তাদের পক্ষভুক্ত করছেন? কোনো লাভ হবে না। বন্ধুগণ মনে রাখতে হবে, আমাদেরকে একসাথে কাজ করতে হবে।”

রাষ্ট্র পরিচালনায় বিএনপি ক্ষমতাকে নয়, দায়িত্বকে গুরুত্ব দেয় তুলে ধরে তিনি বলেন, “জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।”

যে কোনো কর্মসূচির কেবল সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, “আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, যে না, এটা না করে এইটা করলে আরও ভালো হয়, বলেন। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না । দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে।”

দেশকে এগিয়ে নেওয়ার যাত্রায় বিগত ‘স্বৈরাচারী’ সরকারের লোকজন বাধা সৃষ্টি করবে, সেটি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।

তিনি বলেন, অন্যরা যখন পরোক্ষভাবে সেই কাজে সহযোগিতা করে, তখন সেটি ‘দুর্ভাগ্যজনক’।

বিরোধী দলের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, “আপনাদের কোনো কথা বা কাজ যেন ওই পতিত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সুবিধা না পায়।”

সম্প্রতি বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে কথা বলার সময় সংশ্লিষ্টদের চিন্তাভাবনা করে কথা বলা উচিত।

রাজনীতিতে নতুনদের যুক্তিবাদী হওয়ার পরামর্শ দিয়ে নজরুল বলেন, নিছক বিরোধিতায় কোনো আনন্দ বা সুবিধা নেই।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের ঋণের বোঝা, অর্থ পাচারের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, এ অবস্থা থেকে দেশকে সামনে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের সমালোচনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, “আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, প্রথম দিন থেকেই সমালোচনা। ঠিক আছে, আমরা খুব ভুল করে ফেলেছি। কিন্তু পরিমাণ হয়তো কম, বাড়ানো হয়তো যাবে, কিন্তু শুরুটা তো হলো। এটাতেও বিরোধিতা করবেন? আপনারা সব প্রয়াসে যদি বিরোধিতা করেন, তাহলে তো হবে না।”

দেশের কল্যাণের স্বার্থে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত তৈরি করে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।