জয়পুরহাটে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে খালাস দিয়েছে আদালত।
জয়পুরহাটের কালাইয়ের একটি হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নুর ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
দণ্ডিতরা হলেন উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান (৫৫), রকিবুল ইসলাম অফির (৫২) ও আব্দুল কুদ্দুস (৫০)।
মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ জানান, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে উপজেলার গোপিনাথপুর-জগডুম্বরের মাঝামাঝি গ্রামের রাস্তায় পানি যাওয়া ড্রেনের মাটি তুলে নিজ জায়গা ভরাট করছিলেন আসামিরা।
সে সময় প্রতিবেশী সোলায়মান আলী (৭৭) মাটি রাস্তার উপরে দিতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়; এক পর্যায়ে আসামিরা তার মাথায় কোদাল দিয়ে কোপ দেয়।
স্থানীয়রা সোলায়মানকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে রফিকুল ইসলাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা সিআইডির বগুড়ার পরিদর্শক শামসুল আলম ২০১৭ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে তিন ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে বলে জানান আইনজীবী নৃপেন্দ্রনাথ।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে পাঁচ জনকে খালাস দিয়েছে আদালত।
