চুয়াডাঙ্গায় আসামির পলায়ন: ৩ পুলিশ প্রত্যাহার
ভ্যান থেকে নামার পরপরই কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যান আসামি আজিজুল শেখ।
চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয় বলে চুয়াডাঙ্গার এসপি আব্দুল্লাহ আল মামুন জানান।
প্রত্যাহার তিনজন হলেন এএসআই মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন এবং কনস্টেবল বেনজির নাহার।
এ দিন সকালে একটি ডাকাতির মামলায় কারাগারে থাকা আসামি আজিজুল শেখসহ কয়েকজন আসামিকে প্রিজন ভ্যানে চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে আনা হয়। ভ্যান থেকে নামার পরপরই কৌশলে হ্যান্ডকাপ খুলে আজিজুল শেখ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়।
এসপি আব্দুল্লাহ আল মামুন জানান, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা গোয়েন্দা শাখার ওসি আলমগীর কবির এবং রিজার্ভ অফিসের কর্মকর্তা আব্দুল বারেক।
আরও পড়ুন:
