১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালালো আসামি

২০২০ সালের ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয় আজিজুল শেখকে। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালালো আসামি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 03:27 PM

Updated : 16 Oct 2022, 03:43 PM

চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন।

রোববার সকাল ১০টার দিকে জেলা কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই ওই আসামি পালিয়ে যান বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

পলাতক আসামি আজিজুল শেখ (২৮) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের ২২ নম্বর ঘরের বাসিন্দা ছিলেন।

পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন রকি মামলার বরাতে জানান, ২০১৬ সালের ২৯ অগাস্ট রাতে দামুড়হুদা থানার দর্শনা পৌরসভার ঘুঘুডাঙ্গা গ্রামে তক্কেল আলীর বাড়িতে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে একদল ডাকাত।

তারা ৭৫ হাজার ৫০০ টাকা ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন দামুড়হুদা থানায় অজ্ঞাতনামা ১০/১২ জন আসামির কথা উল্লেখ করে মামলা দায়ের করেন তক্কেল আলী।

এ মামলায় ২০২০ সালের ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয় আজিজুলকে। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

রকি বলেন, রোববার ওই মামলায় শুনানির তারিখ ধার্য ছিলো। এ জন্য সকালে আজিজুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে আদালত এলাকায় আনা হয়।

“কিন্তু আদালত চত্বরে কারাগারের গাড়ি থেকে নামার পরপরই তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।”

আজিজুলকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে পুলিশ সুপার জানান।