কুমিল্লা-৭: স্বতন্ত্রের গাড়িবহরে হামলা-ভাঙচুর, অভিযোগ নৌকার বিরুদ্ধে
হামলাকারীরা তিনটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
হামলাকারীরা তিনটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন বলে দাবি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী টিটুর।
ঈগল প্রতীকের নেতাকর্মীরা জানান, শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী টিটুর সমর্থক চান্দিনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় নৌকার সমর্থকরা।
শনিবার বিকালে ওই নেতার বাড়িতে যান টিটু। পরে সন্ধ্যায় পৌরসভার ছায়কোট এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগ শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চান্দিনা উপজেলা সদরে ফেরার পথে হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় গাড়ি ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
স্বতন্ত্র প্রার্থী টিটু বলেন, “প্রচারণায় শুরুর পর থেকেই নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপালের লোকজন একের পর এক হামলা চালিয়ে আসছেন। কিন্তু প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
এ আসনে সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ আওয়ামী লীগ নেতা।
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা হামলা করেছে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
হামলার বিষয়ে জানতে শনিবার রাতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তকে একাধিকবার ফোনে করা হলে তিনি তা রিসিভ করেননি।
