২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই বন্ধুর

ঝড়-বৃষ্টিতে এক লাকড়ির দোকানে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 10:04 PM

Updated : 27 May 2023, 10:04 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে বলে জানান সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক।

নিহতরা হলেন লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলার বাসিন্দা মো. জুম্মন (৪৫) এবং কাউসার (৫০)। জুম্মন পেশায় ইজিবাইক চালক এবং কাউসার মৎস্যজীবী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মিজানুল হক বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী নিয়ে লৌহজং থেকে শ্রীনগর উপজেলায় যান জুম্মন।এ সময় ওই ইজিবাইকে জুম্মনের সঙ্গে ছিলেন তার বন্ধু কাউসার। সেখান যাত্রী রেখে তারা সিরাজদিখানের দক্ষিণ কুসুমপুর মাদ্রাসা রোড দিয়ে বাড়ি ফিরছিলেন।

তিনি বলেন, “হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় তারা দেলোয়ারের লাকড়ির দোকানে দাঁড়ান। এ সময় ওই দোকানে তাদের পাশে একজন নারীও দাঁড়িয়ে ছিলেন। তারপর ওই নারী বাসে করে চলে যান।

“এর কিছুক্ষণের মধ্যে বজ্রপাত হলে তারা দুইজন দোকানের মাঝেতে শুয়ে পড়েন। স্থানীয় লোকজন দৌড়ে এসে দেখেন তারা দুজনই মারা গেছেন।”

তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কবর্মকর্তা।