২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘চোরাকারবারির হামলায়’ ২ বিজিবি সদস্য আহত

নাস্তিপুর সীমান্তে অবৈধ মালামাল জব্দ করার সময় বিজিবি সদস্যরা হামলার শিকার হন বলে জানায় পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 09:16 PM

Updated : 15 Jul 2023, 09:16 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ‘চোরাকারবারির হামলায়’ দুই বিজিবি সদস্য আহতের খবর পাওয়া গেছে; এতে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। 

শুক্রবার বিকালে চোরাচালানের মালামাল জব্দ করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন বলে দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান।

আহতরা হলেন- দর্শনার সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক আব্দুল হাকিম ও সৈনিক মেহেদী হাসান।

গ্রেপ্তার নবিউল হক (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “গোপনে খবর পেয়ে শুক্রবার বিকালে সীমান্তে অবৈধ মালামাল জব্দ করতে নাস্তিপুর সীমান্তে ওত পেতে ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহজনক দুই ব্যক্তি বিজিবিকে দেখে পালানোর চেষ্টা করেন।

“তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে বিজিবি। তবে তার সঙ্গে থাকা অন্য কারবারিরা দুই বিজিবি সদস্যকে মারপিট করে পালিয়ে যান।”

এ ঘটনায় শনিবার দুপুরে নায়েব সুবেদার দুলাল আহমেদ বাদী হয়ে দর্শনা থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও সাতজনকে আসামি মামলা করেন।

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি ফেরদৌস।