বগুড়ায় সমাবেশেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
“বিকালে আজিজুল বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।“
বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবদল নেতা আজিজুল হক।
তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন এবং ওই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।
সোমবার বিকেল ৪টার দিকে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশে আজিজুল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
তিনি জানান, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজিজুল হক সমাবেশে যোগ দিতে আসেন। বিকালে তিনি বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ৮টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
