২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না: প্রতিমন্ত্রী শামসুল

তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম, সেটাই করেছে বিএনপি।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 11:42 PM

Updated : 04 Nov 2023, 11:42 PM

হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

তিনি বলেছেন, “তারা (বিএনপি) আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ, মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না।”

শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মতলব-গজারিয়া সংযোগ সেতু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও সরকারের উন্নয়ন প্রচারে সমাবেশের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম, সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পর লাশের ওপর হামলা করেছে। কয়েকজনকে হত্যা করেছে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে।”

শামসুল আলম বলেন, “বিএনপিবিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। যারা নির্বাচন চায় তারা কখনও এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। আমরা বিশ্বাস করি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।”

প্রতিমন্ত্রী বলেন, “মতলব-গজরিয়া ব্রিজ একটি যুগান্তকারী ইতিহাস। বিগত ৫০ বছরের চেষ্টার ফসল। ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৪ লেন বিশিষ্ট এই ব্রিজ হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চট্টগ্রামসহ পাশের অঞ্চলের লোকজন এর সুফল পাবে। এটি হলে রাজধানী ঢাকার সঙ্গে দূরত্ব কমে আসবে ৬০ কিলোমিটার। এই ব্রিজের কারণে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আশা করি।”

ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি ও কাউন্সিলর শাজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনজুর আহমেদ, ব্যবসায়ী মাসাকাজ হারুন মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।